যশোর বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ এএম

যশোর বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

যশোর বোর্ডের অধীনে শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, এদিন বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক বা সৃজনশীল অংশের পরীক্ষা হবে। এ বোর্ডের অধীনে অন্যান্য পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হবে।

যশোর বোর্ডের অধীনে আছে যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলা। এসব জেলার পরীক্ষার্থীদের শনিবার যথারীতি সকাল সাড়ে ১০টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত তাদের বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক পরীক্ষা হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আদেশটি যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরার জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়। একই উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র পাওয়া যায়। এ ঘটনার জেরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২





Top