এনসিপি ছাড়লেন মুন্সীগঞ্জের যুগ্ম সমন্বয়কারী ফারজানা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী ফারজানা আক্তার দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ব্যস্ততা এবং দলের কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) দলের কেন্দ্রীয় আহ্বায়কের কাছে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

পদত্যাগপত্রে ফারজানা আক্তার উল্লেখ করেন, ‘নাগরিক কমিটি ২০২৪’-এর শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নবগঠিত এনসিপির মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান।

তিনি জানান, দলের আদর্শ ও লক্ষ্যকে ধারণ করে নিজস্ব অর্থায়নে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। জেলা সার্চ কমিটির সদস্য হিসেবে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন এবং শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠিত হবে বলেও উল্লেখ করেন।

ফারজানা আক্তার বলেন, পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে বর্তমানে দলের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। পাশাপাশি একজন নারী হিসেবে সব জায়গায় নিয়মিত উপস্থিত থাকা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নেওয়াও তার জন্য কঠিন হয়ে উঠেছে।

তার ভাষ্য, সময় দিতে না পারার কারণে মুন্সীগঞ্জ সদরে দলের সাংগঠনিক কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে দলের স্বার্থ বিবেচনা করেই তিনি সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের বিষয়ে গণমাধ্যমকে ফারজানা আক্তার বলেন, ‘আমি এনসিপিতে সময় দিতে পারছি না, তাই পদত্যাগ করছি। দলের সঙ্গে আমার কোনো বিরোধ বা সমস্যা হয়নি। কোনো পদ-পদবীর কারণে আমি যাচ্ছি না। সময় সংকট এবং একজন নারী হিসেবে সব জায়গায় যেতে না পারার বাস্তবতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, গত দুই বছরের রাজনৈতিক কর্মকাণ্ডে তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

তবে ফারজানা আক্তারের পদত্যাগের বিষয়ে জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের এনসিপি নেতাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top