এবারের বাজেট চানাচুরের মতো খেতে ভালো, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৩:১৩ এএম

ছবি: সংগৃহীত

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব উল্লেখ করে ঋণনির্ভরতা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের পর সংসদ ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারের বক্তব্যে আশাবাদের বার্তা থাকলেও বাজেট নিয়ে খুব বেশি প্রত্যাশা দেখছেন না তিনি।

নাহিদ ইসলাম বলেন, ইতিহাসের অন্যতম বড় বাজেট হিসেবে এটি উপস্থাপন করা হলেও বাস্তবে এটি দেশের সবচেয়ে বড় ঘাটতির বাজেট। তার ভাষায়, “এই বাজেট চানাচুরের মতো খেতে ভালো লাগবে, কিন্তু এর পুষ্টিগুণ নেই।”

ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অর্থমন্ত্রী অর্থনৈতিক গণতন্ত্রের কথা বললেও অর্থপাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনা কিংবা ব্যাংক খাতের মৌলিক সংস্কারের বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। বরং ব্যাংক ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব আরও বাড়তে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে আবারও এস আলম গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হলে পুরো ব্যাংক খাতেই অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

দুর্নীতি দমন ও জবাবদিহিতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বড় বাজেটের সঙ্গে বড় দুর্নীতির ঝুঁকিও থাকে। কিন্তু সেই দুর্নীতিকে কীভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে, তার কোনো স্পষ্ট রূপরেখা বাজেটে নেই।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কারকে রাজনৈতিক সংস্কার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। সংস্কার ও জুলাই সনদ নিয়ে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলনও এবারের বাজেটে পাওয়া যায়নি।

তবে বাজেটকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বৈষম্য কমানো এবং কাঠামোগত অর্থনৈতিক পরিবর্তন আনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবারের বাজেটে অনুপস্থিত রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top