'থানা পোড়ানো' সেই মাহদী হাসানকে ডিসি অফিস চত্বরে মারধর, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৩:৫১ এএম

সংগৃহীত

হবিগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহদী হাসান বুধবার তার ওপর হামলার চেষ্টার একটি ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন। পরদিন বৃহস্পতিবার সেই আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণেই তার গতিরোধ করা হয় এবং সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার এক সংগঠক আলমগীর হাসান আবিদ দাবি করেন, মাহদী হাসানের ওপর কয়েকদিন ধরে হামলার চেষ্টা চলছিল এবং পূর্বের ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আবেদন করতে গেলে আবারও তাকে মারধর করা হয়।

অন্যদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মাহদী হাসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখন পর্যন্ত হামলায় ছাত্রদলের সংশ্লিষ্টতার সত্যতা নিশ্চিত হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানার একটি ঘটনায় মাহদী হাসানকে ঘিরে আলোচনা তৈরি হয় এবং পরবর্তীতে তিনি গ্রেপ্তার হন। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান। সাম্প্রতিক হামলার ঘটনার পর নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top