১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ যোগ দিলেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০১:২৫ এএম

সংগৃহীত

চট্টগ্রামে আজ শনিবার (১৩ জুন) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় গণসমাবেশ। নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। সমাবেশে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন।

আয়োজকদের মতে, গণরায়ের বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিকেলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জোটভুক্ত দলের কেন্দ্রীয় নেতারা।

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হবে। তিনি জানান, এটি কোনো একক দলের কর্মসূচি নয়; বরং জনগণের অধিকার, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে একটি যৌথ প্ল্যাটফর্ম।

সমাবেশকে সফল করতে গত কয়েক দিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক কার্যক্রম চালানো হয়েছে। আয়োজকদের আশা, বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠে স্বেচ্ছাসেবক দল মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে সমাবেশস্থলে বিশাল মঞ্চ নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জনগণের ন্যায্য দাবি তুলে ধরাই এ সমাবেশের মূল উদ্দেশ্য।

 

এনএফ৭১/ওতু





Top