বেনজীরের গ্রেপ্তার ইন্টারপোলের কৃতিত্ব, বাংলাদেশ পুলিশের নয়: জামায়াত আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৩:০৫ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের গ্রেপ্তারের কৃতিত্ব বাংলাদেশের পুলিশের নয়, বরং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের। তবে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করতে পারলেই সেটিকে প্রকৃত সাফল্য বলা যাবে।
রোববার রাতে সিলেট সার্কিট হাউজে ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বেনজীর আহমেদ ছিলেন বিভিন্ন ঘটনার মূল পরিকল্পনাকারীদের একজন। দায়িত্বে থাকা সময়ের পাশাপাশি গত বছরের ৫ আগস্টের পরও দেশে অস্থিরতা সৃষ্টির নানা কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ভারত থেকে বাংলাদেশে মানুষ পাঠানোর বিষয় নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে সংসদে আলোচনা না করার জন্য তাকে অনুরোধ করা হচ্ছে। তবে এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখবেন।
মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:
