বাগেরহাটে সন্ত্রাসী হামলায় কৃষক দল নেতা নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে নিয়তির মোড় এলাকায় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই নেতাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আহত আব্দুল্লাহ মোড়লের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top