খুলনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি কর্মী হত্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:৫০ এএম
খুলনা নগরীর লবণচরা এলাকায় বিএনপির এক কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মাথাভাঙ্গা ১০ গেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিক কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং রতন কাজির ছেলে। স্থানীয়দের দাবি, তিনি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রফিক গাজী একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির একটি তার পেটে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
