পুশইনের বিরুদ্ধে রাজধানীতে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
বাংলাদেশ সীমান্তে ভারতের কথিত জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব এলাকা ঘুরে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।
মিছিলে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তিনি বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা কোনো দেশের অধীনস্থ হওয়ার জন্য নয়। সীমান্তে হত্যাকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ প্রতিবেশী দেশের এমন আচরণ সমর্থন করে না।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে সরকার, জনগণ ও সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো আগ্রাসনের মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে আগের দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ নেই। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং সীমান্তরক্ষী বাহিনীর পূর্বের নাম পুনর্বহালের আহ্বান জানান।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, পুশইনের ঘটনাকে কেন্দ্র করে একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে তাদের আশঙ্কা রয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং দেশের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এনএফ৭১/একে
বিষয়:
