কুমিল্লায় এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৫:৩৪ এএম

সংগৃহীত
 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে গ্যাসের যে পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই ততটাই বাড়িয়েছে।

শনিবার (৬ জুন) কুমিল্লায় এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, গ্যাস, তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম অস্বস্তিতে রয়েছে। তিনি দাবি করেন, মূল্যবৃদ্ধি ও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিএনপি সরকার দ্রুতই জনসমর্থন হারিয়ে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর মব বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে মব পরিস্থিতি বেড়েছে এবং বিভিন্ন ঘটনায় সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। বিএনপি অতীতেও দেশ পরিচালনায় সফল ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির সক্ষমতার কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, “যারা একটি ছায়া বাজেট প্রণয়ন করতে পারে, তারা রাষ্ট্রীয় বাজেটও তৈরি করতে সক্ষম।” তিনি দাবি করেন, বর্তমানে সাধারণ মানুষের পক্ষে কার্যকরভাবে কথা বলার একমাত্র বিরোধী রাজনৈতিক শক্তি এনসিপি।

তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে কুমিল্লাকে এনসিপির রোল মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



বিষয়:



Top