শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে

মিঠু মুরাদ | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ১১:৩২ পিএম

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তুতি চলছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ড শিগগিরই নতুন নেতৃত্ব ঘোষণা করতে পারে। আসন্ন এই কমিটি ঘিরে সংগঠনের ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ছাত্রদলকে বিএনপির আদর্শিক কর্মী তৈরির অন্যতম প্রধান সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই কমিটির নেতৃত্ব কারা পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রতিযোগিতা দুই-ই দেখা যাচ্ছে।

সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান, সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সহ-সভাপতি এ.বি.এম. ইজাজুল কবির রুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

দলীয় সূত্র বলছে, এবার নেতৃত্ব নির্বাচনে অভিজ্ঞতার পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাবে।

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। সংগঠনটির অধীনে থাকা বিপুল সংখ্যক শিক্ষার্থীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ পদে কাউকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় আছে বলে জানা গেছে। এ ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু)-এর নাম আলোচনায় রয়েছে।

তবে এখনো পর্যন্ত ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছুই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের পরই জানা যাবে কারা পাচ্ছেন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।



বিষয়:



Top