জিয়াউর রহমান গণতন্ত্র ও উন্নয়নের ভিত রচনা করেছিলেন: মির্জা ফখরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি শুধু গণতন্ত্রে বিশ্বাস করতেন না, বরং গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করেছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিচ্ছিন্ন রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার উদ্যোগ নেন জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। এ উপলব্ধি থেকেই জিয়াউর রহমান একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করেছিলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, স্বাধীনতার পর অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষের কঠিন সময় পার করা বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছিলেন জিয়াউর রহমান। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তিনি সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও কাজ করেন। দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের আস্থা অর্জন করেছিলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কৃষি গবেষণা, শিল্পায়ন, সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষা খাতের বিকাশে জিয়াউর রহমানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। একই সঙ্গে প্রবাসী আয় ও তৈরি পোশাকশিল্পের ভিত্তি গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জিয়াউর রহমানের সবচেয়ে বড় শক্তি ছিল তার সততা, দেশপ্রেম এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক। সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তিনি অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ে তুলেছিলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে। তবে ইতিহাস একদিন তাকে যথাযথ মর্যাদায় মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সংবাদমাধ্যম নানা চ্যালেঞ্জের মুখোমুখি। অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যম তার স্বাধীনতা হারিয়ে বাণিজ্যিক প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্বশীল, স্বাধীন ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top