নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, আহত ৪

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

ছবি: সংগৃহীত
যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দলটি।

এনসিপির দাবি, হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নবসহ আরও একজন।

দলীয় সূত্রে জানা যায়, শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোলের উদ্দেশে রওনা হন। পথে বেনাপোল চেকপোস্ট এলাকায় তার বহরে থাকা গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে তার গাড়ির গ্লাস ভেঙে যায়।

তবে হামলার সময় গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এনসিপি।

নিরাপত্তাজনিত শঙ্কা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোলে না থেমে সরাসরি যশোরের উদ্দেশে রওনা দেন বলেও জানায় দলটি।

এ ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বেনাপোল পৌর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, এমন কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই।



বিষয়:



Top