আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০১:১৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, বরং সে সময় পালিয়ে গিয়েছিল। তিনি দাবি করেন, পরবর্তী সময়েও দলটি একাধিকবার পালিয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।
সোমবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি সম্মুখযুদ্ধে অংশ নিয়ে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষার্থীদের বিকৃত ও বিভ্রান্তিকর ইতিহাস শেখানো হয়েছে। শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ হওয়া, রাজনৈতিক বিভ্রান্তিতে জড়িয়ে পড়া নয়।
বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে দুর্বল করে তুলেছিল। পরে জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে সেই অর্থনীতিকে পুনরুদ্ধারে ভূমিকা রাখেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি আবারও সংকটের মুখে পড়েছে।
মঈন খান বলেন, জিয়াউর রহমান দেশ ও জনগণের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার রাজনৈতিক দর্শন ছিল শৃঙ্খলা, দেশপ্রেম ও জনকল্যাণকেন্দ্রিক। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বহু আগে থেকেই বিভিন্ন এলাকায় খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
পলাশ উপজেলা বহুমুখী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইফুল হক, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ অন্যান্য নেতারা।
এনএফ৭১/একে
বিষয়:
