বিএনপি বেকার নয়, কর্মসংস্থান সৃষ্টির সরকার: রিজভী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কখনও বেকারত্ব সৃষ্টির রাজনীতি করেনি; বরং কর্মসংস্থান তৈরির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে।
সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত একটি কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকেই বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করা হয়। পাশাপাশি তৈরি পোশাক খাতে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করেও দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পথের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দিতে পরিবার সহায়তা কার্ড চালু করা হয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল উসকানি দিয়ে মব সংস্কৃতি গড়ে তুলছে বলেও অভিযোগ করেন তিনি।
মতপ্রকাশের স্বাধীনতার নামে অপপ্রচার ও কুৎসা রটানো অনুচিত উল্লেখ করে রিজভী বলেন, কিছু রাজনৈতিক দলের অনলাইন বাহিনী ও সমর্থকরা মব সংস্কৃতি তৈরি করে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, অতীতের স্বৈরাচারী রাজনীতির পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করা হলে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার অপচেষ্টা চালানো হলে তার পরিণতি শুভ হবে না। সংশ্লিষ্টদের সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:
