‘জামায়াত-শিবির ও ড. ইউনূস ৫ আগস্টের পর চারটি জেনারেশন ধ্বংস করেছে- ফজলুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৪:১২ পিএম
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম ব্লাড ব্যাংক পরিবারের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “জামায়াত-শিবির ও ড. মুহাম্মদ ইউনূস ৫ আগস্টের পর চারটি জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে।”
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন যে নতুন প্রজন্মকে পরিকল্পিতভাবে বিপথগামী করা হয়েছে। তার দাবি, বিভিন্ন চক্রান্তের মাধ্যমে একটি গুপ্ত রাজনৈতিক ধারা তৈরি করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছে জামায়াত।
সংসদ সদস্য আরও বলেন, “৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের শিক্ষা, সংগীত, সংস্কৃতি এবং প্রকৃত ধর্মীয় চর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুবসমাজ ও ছাত্রসমাজকে বিভ্রান্ত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চলছে।”
তিনি অভিযোগ করে বলেন, “অনেক তরুণ অল্প বয়সে ক্ষমতার কাছাকাছি গিয়ে বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের মালিক হয়েছেন। দেশের অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গড়ে উঠেছে।”
এ সময় তিনি দেশের তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে সবাইকে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা। তারা রক্তদান কার্যক্রমকে আরও বেগবান ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিষয়:
