সংঘবদ্ধভাবে একদল মিথ্যা প্রচার করছেন: তাসনিম জারা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:২৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। রোববার (৩১ মে) রাত ৯টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে তিনি লেখেন, নির্বাচনের পর তিনি তার নির্বাচনী এলাকায় যাননি—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “আমি ঢাকা-৯-এর কোন এলাকায় কখন যাই, তা ঢোল পিটিয়ে জানাই না। ছবিও সব সময় পোস্ট করি না।”
নিজের কর্মকাণ্ড তুলে ধরে তাসনিম জারা জানান, গত কয়েক মাসে তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন। এর মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম কম দামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ, অসহায় রোগীর পাশে দাঁড়ানো, স্থানীয় মেয়েদের মাদ্রাসা পরিদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, “নির্বাচনের পর ঢাকা-৯-এর সাত-আট লাখ মানুষের সবার সঙ্গে দেখা হয়নি, তবে হাজার হাজার মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং আমি তা চালিয়ে যাব।”
তাসনিম জারা অভিযোগ করেন, তার বিরুদ্ধে একই ধরনের মিথ্যা বারবার ছড়ানো হচ্ছে যাতে একসময় তা সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
পোস্টের সঙ্গে তিনি নিজের বিভিন্ন সময়ের কিছু ছবিও সংযুক্ত করেন বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
