প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা,ছাত্রদল নেতা পদচ্যুত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:০৬ পিএম
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া দলীয় পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
শনিবার (৩০ মে) বিকালে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, তার স্থলে কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িবহরের পেছনে অবস্থান নিয়ে নিরাপত্তা দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মূল সড়কে নিরাপত্তা টিমের গাড়ি চলাচলের সময় কিছু ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে আব্দুর রহিম ভূঁইয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোনো গালিগালাজ করেননি; বরং নিরাপত্তা টিমের পক্ষ থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তিনি আহত হন।
এনএফ৭১/ওতু
বিষয়:
