‘মৃত জিয়া জীবিত জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী’: খায়রুল কবির খোকন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৫৭ এএম

সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, “জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী।”

শনিবার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শিশু একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হলেও তার আদর্শকে মুছে ফেলা যায়নি। তিনি বলেন, “এই বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখের মণিতে শহীদ জিয়াউর রহমান স্পন্দিত হচ্ছেন। তার নাম কেউ মুছতে পারবে না।”

তিনি আরও দাবি করেন, জিয়াউর রহমানের আদর্শ বিভিন্ন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং সংকটকালীন সময়ে “জিয়া পরিবার” দেশের নেতৃত্ব দিয়েছে। তার ভাষায়, “পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই এসেছে।”

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে বিকেলে চিনিশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, গণভোজ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে খায়রুল কবির খোকনসহ স্থানীয় বিএনপি নেতারা অংশ নেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top