অডিও প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৫৩ এএম

সংগৃহীত

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকায় ১৫ কোটি টাকা এবং এনসিপি নেতা ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এলাকায় ১০ কোটি টাকা বরাদ্দ বা ব্যয় হয়েছে—এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ মে) বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও অনলাইনে তোলপাড় দেখা দেয়।

এরই মধ্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগতভাবে কোনো অর্থ গ্রহণ করেননি। তার দাবি, ওই অর্থ উপজেলা উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

পরবর্তীতে বিষয়টি পরিষ্কার করতে তিনি জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার সঙ্গে ফোনে কথা বলেন এবং সেই কথোপকথনের অডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।

প্রকাশিত অডিওতে শোনা যায়, প্রশাসক মোস্তাক মিয়া বলেন, “রাজস্ব খাতসহ সব খাত মিলিয়ে ১০ কোটি টাকা আপনার এলাকায় গেছে। আপনারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তাই আপনার উপজেলায় ১০ কোটি গেছে। আর ওইখানে (আসিফ মাহমুদের এলাকায়) গেছে ১৫ কোটি। আপনি টাকা খেয়েছেন সেটা তো আমি বলিনি। আমি বলেছি, ডেভেলপমেন্ট কাজের জন্য দুই উপজেলায় মোট ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। হয়তো মিডিয়ায় আমার বক্তব্যটা সেভাবে আসেনি।”

এ ঘটনায় মূল বক্তব্যের ব্যাখ্যা ও অর্থ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top