নারী হয়রানির অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৯:২৯ এএম

সংগৃহীত

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতাকে জুতাপেটার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি।

অভিযুক্ত আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আলী আজম সাব্বির এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী সাব্বিরকে জুতা দিয়ে আঘাত করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।

অভিযোগের পর গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী জুতা দিয়ে তাকে মারধর করেন। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।

বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ প্রশিক্ষক রাশেদুল হাসান শাহীন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। অভিযুক্তের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে এবং তিনি নিজের দোষ স্বীকার করেছেন। আগামী ১ জুন প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে প্রশাসন, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার পরপরই আলী আজম সাব্বিরকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top