গুম রোধে রাষ্ট্রীয় সংস্কারের আহ্বান জামায়াত নেত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:০২ পিএম

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য ও প্রকৌশলী মারদিয়া মমতাজ বলেছেন, রাষ্ট্রের কাঠামো ও প্রতিষ্ঠানগুলোতে আমূল সংস্কার না হলে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় না আনা হলে গুমের মতো ভয়াবহ অপরাধ সমাজ থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

সম্প্রতি এশিয়া পোস্ট আয়োজিত ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মারদিয়া মমতাজ বলেন, বিচারহীনতার সংস্কৃতিই এই সমস্যার মূল কারণ। বড় কোনো অপরাধ ঘটার পর যদি ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও বিচার না হয়, তাহলে অপরাধীরা আরও উৎসাহিত হয়।

তিনি আরও বলেন, গুমকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা শুধু নির্দিষ্ট কোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হয়ে দাঁড়ায়। বিগত সময়ের ‘আয়নাঘর’ প্রসঙ্গ এবং নিখোঁজের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে একই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে।

তার মতে, ভবিষ্যৎ শাসকরাও যদি একই পথ অনুসরণ করেন এবং কোনো জবাবদিহি না থাকে, তাহলে গুমের প্রবণতা বন্ধ হবে না।

তিনি বলেন, এটি একটি জাতীয় সংকট। এ থেকে উত্তরণের জন্য রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের মূল দায়িত্ব।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top