দেশে আইনশৃঙ্খলার অবনতি চরমে: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০২ পিএম

সংগৃহীত

ঝিনাইদহের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শুধু ঝিনাইদহ নয়, সারাদেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

সোমবার ঝিনাইদহ পায়রা চত্বরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, দেশে শিশুদের মধ্যে রোগে মৃত্যুর পাশাপাশি ধর্ষণের ঘটনাও বাড়ছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষকে জড়িয়ে তিনি বিভিন্ন গুরুতর অভিযোগ তোলেন।

তিনি দাবি করেন, কিছু রাজনৈতিক নেতার ফোনালাপ ঘিরে নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ের বিষয়ও সামনে এসেছে, যা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের অভিযোগ তুলে তিনি বলেন, ঝিনাইদহে ২২ মে থেকে ২৩ মে পর্যন্ত একাধিক ঘটনা ঘটেছে এবং এরপর তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার অভিযান চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, ডিবি পুলিশ প্রথমে কিছু গ্রেফতার অস্বীকার করলেও পরে আদালতে হাজির করে। এ সময় আইনজীবীদের প্রবেশে বাধা দেওয়া এবং জামিন প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে না এবং বিভিন্ন রাজনৈতিক প্রভাবের মধ্যে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন স্থানে প্রশাসনিক ও অর্থনৈতিক খাতে দলীয়করণ চলছে এবং ব্যাংক খাতে বড় অঙ্কের অর্থ অপব্যবহারের অভিযোগও ওঠে, যার জন্য তিনি তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে তিনি প্রয়াত এক ব্যক্তির কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top