টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১৫ প্রাণহানি,জামায়াতের শোক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৫ মে) এক বিবৃতিতে তিনি বলেন, ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বিশেষভাবে ওভারলোড বন্ধ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

শেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top