ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:৪৯ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার মেয়ের বিয়েকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কারণ, ওই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা আবু তালিব। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও দেখা যায়।
গত বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বগেরগাছি গ্রামে এই বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়। জানা গেছে, রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওদু, আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ বিভিন্ন দলের নেতারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ও ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টু নিজ হাতে সংসদ সদস্য আবু তালিবকে খাবার পরিবেশন করছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
জামায়াতের একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিবির কর্মী হত্যা মামলার আসামির পরিবারের অনুষ্ঠানে একজন জামায়াত এমপির উপস্থিতি প্রশ্ন তৈরি করেছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ২৪ মার্চ কালীগঞ্জ মাহতাব উদ্দিন কলেজ এলাকার সামনে থেকে শিবির কর্মী শামীমকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই বছরের ১৩ এপ্রিল যশোর সদরের লাউখালী গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দীর্ঘ সময় পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিহত শামীমের বাবা রুহুল আমিন কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় মহিদুল ইসলাম মন্টুসহ ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, রাখালগাছি ইউনিয়নে তার গ্রামের বাড়ি হওয়ায় সামাজিক সম্পর্কের সূত্র ধরেই তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। পাশাপাশি তিনি দাবি করেন, মামলার ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
