আমার কিছু হলে দায় ‍সম্পূর্ণ আমির হামজার:রাশেদ খাঁন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:১৭ পিএম

সংগৃহীত

জামায়াত নেতা ও সংসদ সদস্য আমির হামজার সাম্প্রতিক এক ওয়াজ মাহফিলের বক্তব্যকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, ধর্মীয় মঞ্চ ব্যবহার করে তার বিরুদ্ধে এমনভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, যা তাকে জনরোষের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

রাশেদ খাঁনের অভিযোগ, আমির হামজার বক্তব্য উগ্রবাদী অনুসারীদের উসকে দিতে পারে এবং এর ফলে যেকোনো সময় তার ওপর সংঘবদ্ধ হামলার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে তার কোনো ধরনের ক্ষতি হলে এর দায় সম্পূর্ণভাবে আমির হামজাকেই নিতে হবে।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমির হামজা নিজেকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে উপস্থাপন করেছিলেন এবং শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। এসব পুরোনো বক্তব্য টেলিভিশনের টকশোতে তুলে ধরার কারণেই এমপি তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন বলে দাবি করেন রাশেদ।

তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক মঞ্চে সমালোচনা হলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা সম্ভব। তবে ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের আবেগকে উসকে দেওয়ার বিষয়টি এখন তার জন্য সরাসরি নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন মুহাম্মদ রাশেদ খাঁন। পরে নুরুল হক নূরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ২০২৫ সালের ডিসেম্বরে দলটির সাধারণ সম্পাদক পদ ছাড়ার পর বিএনপিতে যোগ দেন তিনি।

পরবর্তীতে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিলেও তিনি বিজয়ী হতে পারেননি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top