পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০১:৫৭ এএম
পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার ভোরে ভাইরাল হওয়া ওই ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া না গেলেও বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টার দিকে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে তিনি অভিযোগ করেন, পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে পর্তুগাল ছাত্রলীগের কিছু সদস্য অস্ত্রসহ তার ওপর অতর্কিত হামলা চালায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি পার্কে কয়েকজনের সঙ্গে কথা বলার সময় হঠাৎ এক যুবক এসে তার দিকে ডিম নিক্ষেপ করেন। পরে আরও কয়েকজন যোগ দিয়ে একই কাজ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরিস্থিতি থেকে বাঁচতে আকতারকে দৌড়ে সরে যেতে দেখা যায়।
পর্তুগালপ্রবাসী কয়েকজন জানান, সম্প্রতি ব্যক্তিগত সফরে সেখানে যান আকতার হোসেন। লিসবনের একটি পার্কে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে আকতার হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সাড়া পাওয়া যায়নি। একইভাবে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, ভিডিওটি তারা দেখেছেন এবং এতে ছাত্রলীগ কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
ঘটনার পর এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের পক্ষ থেকে সংগঠনের ফেসবুক পেজে এক বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে দেশে ও বিদেশে থাকা দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
