দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৮:১০ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে বর্তমানে যেসব অপকর্ম ঘটছে তার সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে। তিনি অভিযোগ করেন, দলটি ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন ঘটনার দায় সরকারের ওপর চাপিয়ে দিতে চায়।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল রয়েছে যারা মিথ্যাচার ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় তারা কখনো উল্লেখযোগ্য সমর্থন পায়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই কাজ করছে। দেশের বিভিন্ন অপকর্মে তাদের সম্পৃক্ততা রয়েছে দাবি করে তিনি বলেন, এসব ঘটনার দায় সরকারে ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

বিএনপির এ নেতা আরও দাবি করেন, দেশে নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার ইতিহাস রয়েছে। তিনি বলেন, দলটি অতীতেও ভুল রাজনৈতিক অবস্থান নিয়েছিল এবং দেশের গুরুত্বপূর্ণ সময়ে জনগণের পক্ষে অবস্থান নেয়নি।

শামসুজ্জামান দুদু বলেন, যখনই তারা নিজেদের ভালো হিসেবে তুলে ধরার চেষ্টা করে তখন জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংঘবদ্ধ গোষ্ঠী সমালোচকদের বিরুদ্ধে অপপ্রচার চালায়।

এনএফ৭১/একে



বিষয়:



Top