‘ফ্যামিলি কার্ড নয়, জনগণ এখন জাস্টিস কার্ড চায়’: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:২০ পিএম

সংগৃহীত

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে নানা ধরনের সরকারি কার্ড চালু হলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই সরকারের কাছে জনগণের দাবি এখন “জাস্টিস কার্ড”।

বুধবার (২০ মে) সন্ধ্যায় নাঙ্গলকোট-এ আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এনসিপি–র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে; কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে জাস্টিস কার্ড চাই।”

তিনি অভিযোগ করেন, দেশের হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, চাকরিতে ঘুষ, থানায় দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যা এখনো বহাল রয়েছে। ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সরকারের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান। মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষায়, গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি এবং বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী আইনি সহায়তা নিতে ভয় পাচ্ছেন।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, “সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের সব উন্নয়নমূলক উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একদিন ব্যালটের মাধ্যমে বা গণপ্রতিরোধের মুখে এর জবাব দেবে।”

সবশেষে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top