ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:২২ এএম
রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
এসময় তিনি বলেন, “আমরা শুধু এমপি-মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে থেকেই আমাদের রাজনীতি পরিচালিত হবে।” ভবিষ্যতে এই আদর্শের ভিত্তিতে রাজনৈতিক জোটও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী যে সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে তারা আশা করছেন।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দল বর্তমানে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য সাংগঠনিক সংস্কার ও নেতাকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তিকে “গোলামীর চুক্তি” উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি।
পাশাপাশি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিজেপির কর্মকাণ্ড কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। ধর্মনিরপেক্ষতার দাবিকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিষয়:
