দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৪৩ এএম

সংগৃহীত

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মোজাহিদ এবং দক্ষিণে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অনুষ্ঠানে দলীয় নেতৃত্বের পরামর্শ ও পর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পূর্ববর্তী রাজনৈতিক সমঝোতা ভেঙে যাওয়ার কারণগুলোও তুলে ধরা হয়।

দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, সমঝোতায় নতুন দল যুক্ত হওয়া, আসন বণ্টন নিয়ে পূর্বে থাকা দলগুলোর সঙ্গে পরামর্শ না করা এবং একক সিদ্ধান্ত গ্রহণের কারণে জটিলতা তৈরি হয়। তিনি আরও বলেন, বিদেশি শক্তির সঙ্গে গোপন বৈঠক, রাষ্ট্র পরিচালনার নীতিগত প্রশ্ন এবং রাজনৈতিক অবস্থান নিয়ে মতবিরোধও সমঝোতা ভাঙার অন্যতম কারণ।

তিনি দাবি করেন, এমপি বা মন্ত্রিত্ব নয়, বরং ইসলাম, দেশ ও মানবতার স্বার্থেই তাদের রাজনৈতিক অবস্থান নির্ধারিত। ভবিষ্যতেও এই নীতির ভিত্তিতেই জোট গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির প্রতি তারা আস্থা রাখতে চান এবং তা বাস্তবায়নের আশা করেন।

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক কার্যক্রম নিয়ে তিনি জানান, বর্তমানে দলীয় সংস্কার ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একটি চুক্তিকে তিনি ‘গোলামী চুক্তি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান। ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি সেখানে ধর্মীয় সহনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top