সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে ১২ মামলাতেই জামিন বহাল, কারামুক্তিতে বাঁধা নেই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:২৯ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রেখেছেন আদালত।
সর্বশেষ রোববার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তার জামিন বহাল রাখেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাসহ ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখে। পরবর্তীতে নতুন করে যুক্ত হওয়া আরও দুটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন, যা আজ চেম্বার আদালত বহাল রাখে।
এ নিয়ে আইভীর বিরুদ্ধে থাকা সব ১২টি মামলাতেই জামিন চূড়ান্তভাবে বহাল হলো।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তাকে প্রথমে পাঁচটি এবং পরে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিভিন্ন পর্যায়ে তিনি জামিন পেলেও পরে কিছু ক্ষেত্রে তা স্থগিত হয়েছিল। অবশেষে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সব মামলাতেই তার জামিন বহাল থাকল।
এনএফ৭১/ওতু
বিষয়:
