মাজারে হামলা ঠেকাতে ব্যর্থ হলে দায়িত্বশীলদের সরে দাঁড়ানো উচিত: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:১৯ পিএম

সংগৃহীত

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীর মিরপুরের মাজারসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও মবের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময় সরকার মবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে মাজারে হামলার ঘটনা ঘটছে। কিন্তু বর্তমান সরকারের সময়েও একই ধরনের হামলা অব্যাহত রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কেন এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারছে না।

তিনি আরও বলেন, সংকট তৈরি হলে অন্যের ওপর দায় চাপিয়ে দায় এড়ানো যাবে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে, ফলে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থানসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ভারতের বাঁধের কারণে বাংলাদেশ নদীর ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে লংমার্চ কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top