ছাত্রদল নেতার স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষ, এক নারীর মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৫:১৯ পিএম
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতারা থানায় অভিযোগ দিলেও তখন মামলা গ্রহণ হয়নি বলে দাবি করা হয়েছে, যার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
পরবর্তীতে শনিবার ছাত্রদল নেতার একটি ফেসবুক স্ট্যাটাসে ছাত্রলীগ নেতার প্রতিক্রিয়া ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, ওই ঘটনায় এক যুবককে মারধর করা হলে তাকে বাঁচাতে এগিয়ে যান একটি এনজিওকর্মী। পরে তাকেও মারধর করা হয়।
এ সময় খবর পেয়ে এনজিওকর্মীর মা ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারী ছৈয়দা বেগম স্থানীয় সাব্বির আহমদের স্ত্রী বলে জানা গেছে। তার পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর নেতৃত্বে তাকে মারধর করা হয়।
অন্যদিকে, ঘটনার পর রাতেই অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত” উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন এবং নিজেদের নির্দোষ দাবি করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
