‘গণহত্যাকারীদের প্রতি কোনো ছাড় নেই’: ছাত্রদল সভাপতি রাকিব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:৫৫ পিএম
মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বিভিন্ন অপরাধ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতি কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই।
শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যার অভিযোগও তোলেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব লেখেন, এতসব ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ করার পরও অভিযুক্তদের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নেই। তাই তাদের প্রতি সহানুভূতিরও কোনো জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা এখনো শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয় এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের মৃত্যুকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “যতদিন বেঁচে থাকব, ততদিন হায়েনাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থীরা সদা জাগ্রত থাকব। বাংলাদেশ জিন্দাবাদ।”
এনএফ৭১/ওতু
বিষয়:
