আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। তিনি দাবি করেন, ভারতের ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ উপেক্ষা করেছিল। এর প্রভাব এখনো দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহভাবে পড়ছে।

শুক্রবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে সারাদেশ থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কার উদ্দেশে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন।

তিনি বলেন, ভারতের ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। একই সঙ্গে সেখানে পরিবেশগত ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত ঝুঁকিকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ এখন দেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করেন, ভারত আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে এবং একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। এতে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মাওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিলের মাধ্যমে শুধু ভারত সরকারের কাছে প্রতিবাদই জানাননি, বরং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরেও আনেন। এরপর থেকেই ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত হতে শুরু করে।

তিনি বলেন, ফারাক্কা দিবস আজও অত্যন্ত প্রাসঙ্গিক এবং যেকোনো অধিকার আদায়ের আন্দোলনে জনগণকে অনুপ্রাণিত করে। দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সফলতাও কামনা করেন বিএনপি মহাসচিব।

এনএফ৭১/একে



বিষয়:



Top