সিটি নির্বাচনে একক কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১২ মেয়র প্রার্থী চূড়ান্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:৪০ পিএম
জোটে সংসদ নির্বাচন করলেও স্থানীয় সরকার নির্বাচনে আলাদা প্রস্তুতি; একাধিক সিটিতে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কৌশল নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে দেশের ১২টি সিটি করপোরেশনের জন্য মেয়র পদে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় স্থানীয় শাখাগুলো থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাই শেষে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সিটিতে ইতোমধ্যে প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
যেসব সিটিতে প্রার্থী চূড়ান্ত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী করা হচ্ছে মহানগর শাখার আমির আবদুল জব্বার। তিনি অতীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
গাজীপুর সিটিতে প্রার্থী হচ্ছেন হাফিজুর রহমান, যিনি বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এবং ছাত্রশিবিরের সাবেক নেতা।
চট্টগ্রাম সিটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন নগর শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী। রংপুর সিটিতে দলীয় প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মহানগর আমির এ টি এম আজম খান।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
জোট ও নির্বাচনী কৌশল
গত সংসদ নির্বাচনে ১১–দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন কৌশল নিচ্ছে দলটি। তবে কিছু ক্ষেত্রে শরিক দলগুলোর সঙ্গে সমঝোতা হতে পারে বলে জানিয়েছেন জামায়াত নেতারা।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জোট সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। তিনি আরও জানান, সিটি করপোরেশন নির্বাচনে মূলত এককভাবেই অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১–দলীয় ঐক্যের দলগুলো নিজ নিজ প্রার্থী দিতে পারে—এমন সিদ্ধান্তই এখন পর্যন্ত বহাল আছে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে এই প্রার্থী তালিকা ও জামায়াতের একক কৌশল।
এনএফ৭১/ওতু
বিষয়:
