ডা. শফিকুর রহমান-এর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন-এ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়ে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে কার্যকর ও অর্থবহ করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি সংস্কার কার্যক্রম ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ভবিষ্যতেও বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষ।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top