এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে যা বললেন ছাত্রদলের আমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৭:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যান তারেক রহমান। ওই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদল নেতা মো. আমানউল্লাহ আমান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত কর্মশালা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের একটি মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান।

এ সময় সিনেট ভবন থেকে মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তন পর্যন্ত পুরো এলাকায় নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়। ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

এ অবস্থায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান ভিড় ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনীর এক সদস্য তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ব্যাখ্যায় আমানউল্লাহ আমান বলেন, অতিরিক্ত ভিড় ও পরিস্থিতির চাপে ঘটনাটি ঘটে গেছে। এটি ইচ্ছাকৃত ছিল না বলে তিনি মনে করেন। তার ভাষায়, এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপরও চাপ তৈরি হয় এবং এটি মুহূর্তের আবেগে ঘটে যাওয়া ঘটনা।

তিনি আরও বলেন, তারেক রহমানকে ঘিরে জনসমাগম ও আবেগঘন পরিবেশে নিরাপত্তা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এসব পরিস্থিতিতে ছোটখাটো ঘটনা ঘটতে পারে, তবে তা কোনোভাবেই পরিকল্পিত নয়।

সমালোচকদের উদ্দেশে তিনি আরও দাবি করেন, কিছু পক্ষ ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে।

তারেক রহমানকে ঘিরে নিজের অবস্থান তুলে ধরে আমান বলেন, তিনি রাজনৈতিকভাবে নেতার পাশে থাকবেন এবং যেকোনো পরিস্থিতিতে তার প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।

এদিকে ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী বা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:



Top