সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:৪৩ এএম
কাঁটাতারের বেড়া দিয়ে কোনো দেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের বার্তা দেওয়া যায় না। কাঁটাতারের বেড়া দিয়ে কখনোই সত্যিকারের বন্ধুত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরও বলেন, একদিন সেই দেশের সাধারণ মানুষই এসব কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে বলে তারা বিশ্বাস করেন।
জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে জনগণই সেই দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়েও গুরুত্বারোপ করেন। এ ধরনের ইস্যুতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনায় ‘শাপলা গণহত্যা’ প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, অতীতের বিভিন্ন ঘটনার বিচার না হওয়ায় পরবর্তীতেও সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। তার অভিযোগ, সংশ্লিষ্ট ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অংশগ্রহণকারীদের সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে প্রচার করা হয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:
