"হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে মমতাকে সরিয়ে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে"

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:৫১ পিএম

সংগৃহীত

চট্টগ্রামে অনুষ্ঠিত এক সেমিনারে ভারতীয় পশ্চিমবঙ্গের নির্বাচন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ।

রোববার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন, সংস্কার ও সংবিধান নিয়ে দীর্ঘদিন ধরে মতপার্থক্য চলছে।

তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে গেলেও তাদের জোট আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ওপর জোর দিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, গণভোটে ৭০ শতাংশ ভোটারের সমর্থনে ‘জুলাই সনদ’ বৈধতা পেলেও পরবর্তীতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে, যা দেশে সংকট তৈরি করেছে।

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে কর্নেল অলি বলেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। সেখানে জয়ের পর থেকেই সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। পত্র-পত্রিকায় দেখলাম মুসলমানদের গাড়িতে বেঁধে টেনে হিঁচড়ে নির্যাতন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষমতার রাজনীতিতে নীতি-নৈতিকতার অভাব দেখা দিলে জনগণের আস্থা নষ্ট হয়। তাই জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনে দলীয়করণ রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, শুধু ক্ষমতার ওপর নির্ভর করে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়; জনগণের সমর্থন ও আস্থা ছাড়া টিকে থাকা কঠিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় জুলাই সনদ, গণভোট এবং সাংবিধানিক কাঠামো নিয়ে মতবিনিময় হয়। জামায়াতে ইসলামীর নেতারা বলেন, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ জরুরি।

সমাপনী বক্তব্যে সেমিনারের সভাপতি রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের রায়কে সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top