সরকার জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:৫৯ এএম
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকারের বিরুদ্ধে ছলচাতুরীর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে এবং বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছে। তিনি দাবি করেন, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করা প্রয়োজন। এ বিষয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ দলটির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় এসে এখন তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি জনগণের প্রত্যাশাকেই উপেক্ষা করছে বলে দাবি করেন তিনি।
এ সময় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা ও শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। এরপরও সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
এনএফ৭১/একে
বিষয়:
