বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না

অবশেষে ১৭ বছর পর ‘অনশন’ ভাঙল কিশোরগঞ্জের ইনু মিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ এএম

সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দীর্ঘ ১৭ বছরের ‘প্রতিজ্ঞা’ ভেঙে ভাত খেলেন ৮০ বছর বয়সী ইনু মিয়া। তিনি বিএনপির সমর্থনে দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দিয়েছিলেন বলে জানা যায়।

ঘটনাটি ঘটে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকেলে, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে। সেখানে সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম নিজ হাতে তাকে ভাত খাইয়ে তার সেই প্রতিজ্ঞা ভাঙান।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর কথিত অভিমান থেকে ইনু মিয়া ভাত না খাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি দীর্ঘ সময় কলা, রুটি ও বিস্কুটসহ শুকনো খাবার খেয়ে জীবন ধারণ করে আসছিলেন বলে দাবি করা হয়।

মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার বাড়িতে যান এবং তাকে ভাত খাওয়ান। এ সময় তিনি ইনু মিয়ার এই ত্যাগকে “অনন্য” বলে মন্তব্য করেন এবং তার জন্য একটি ঘর নির্মাণ ও বয়স্ক ভাতা নিশ্চিত করার আশ্বাস দেন।

ইনু মিয়ার স্ত্রী জোছনা খাতুন জানান, পরিবারের সদস্যরা বহুবার চেষ্টা করেও তাকে ভাত খাওয়াতে পারেননি। তার একমাত্র বক্তব্য ছিল—দল ক্ষমতায় না এলে তিনি ভাত খাবেন না।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top