সন্ধ্যার মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটাররা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না- এটি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই নিষেধাজ্ঞা না তুলে নিলে আজকের মধ্যে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় নাহিদ ইসলাম বলেন, “ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। আজকের মধ্যে এটি পরিবর্তন না হলে আগামীকাল ইসি ঘেরাও করা হবে। যদি নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করে, তাহলে ফ্যাসিস্ট আমলের ইসির চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “ভোটাধিকার সংরক্ষণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা দায়িত্ব কমিশনের। সাধারণ ভোটারদের সঙ্গে এমন সীমাবদ্ধতা আর গ্রহণযোগ্য নয়। ইসি যদি পক্ষপাতিত্ব করে, তাহলে সাধারণ মানুষই তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবে।”
ইসি রবিবার (৮ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত নির্দেশনায় জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটাররা মোবাইল ফোন নিতে পারবেন না। তবে প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার ও ভিডিপি সদস্যদের এই নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা চাই, নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও জনগণের হাতে উৎসাহিত। যদি এ ধরনের পক্ষপাতিত্ব থাকে, সাধারণ জনগণ সেটি বরদাস্ত করবে না।”
বিষয়:
