দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ বছর বিদেশে থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজ মুখেই দেশে ফেরার তথ্য ঘোষণা করেছেন তিনি।

সূত্র জানায়, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার একটি ফ্লাইটে (বিজি২০২) তারেক রহমান বাংলাদেশে আসবেন। তার সঙ্গে অন্তত ৫০ জন নেতা-কর্মী থাকবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখবেন ১৭ বছর নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীরা একই ফ্লাইটের টিকিট পাওয়ার চেষ্টা করেছিলেন। তবে অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ফ্লাইটে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের বিদায় দিতে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ করেছেন তিনি। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, "২৫ তারিখে ইনশাআল্লাহ আপনার দোয়ায় আমি দেশে ফিরে যাবো। কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না। এভাবে হট্টগোল সৃষ্টি হলে দেশের ও দলের সুনাম ক্ষুণ্ণ হবে।"

দেশে ফেরার আগে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে। গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেয়ালে শুভ্র রঙ, কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ বক্স বসানো হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন।

বিএনপি তাদের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দিয়েছে।



বিষয়:



Top