জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা
Nasir Uddin | প্রকাশিত: ৪ মার্চ ২০২৫, ০৭:৫৪ এএম
প্রতিষ্ঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে দলটির নেতাকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। এবং সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি।
এর পর রায়েরবাজারে গিয়ে অভ্যুত্থানের সময় শহিদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারত করার কথা রয়েছে তাদের।
দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের জন্য দোয়া মোনাজাত করবেন তারা।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
চারটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক পরিধি বিস্তৃতি ঘটানো হবে বলে জানিয়েছেন এনসিপির একাধিক নেতা।
