খালেদার নাইকো মামলার অভিযোগ শুনানি ১ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১, ০৮:২৬ পিএম
নাইকো দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানি পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির নতুন এই দিন ধার্য করেন।
এই মামলায় মঙ্গলবার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে করোনা পরিস্থিতিতে ঝুঁকি থাকায় খালেদা জিয়া এদিন আদালতে হাজির হননি। তাই তার আইনজীবীরা এ দিন সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে বিচারক শুনানির নতুন এই দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তৎকালীন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: খালেদা বিএনপি চেয়ারপারসন শুনানি আদালত
