জামিন পেলেন কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০২:১৪ এএম
তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের করা তিন মামলায় শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে থাকা এই শিল্পীর মুক্তির পথ আরও সহজ হলো।
এর আগে, গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাব এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে আদালতে হাজির করা হয়।
রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন মমতাজ বেগম। তিনি আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে ওই নির্বাচনে জয় পাননি জনপ্রিয় এই শিল্পী। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)-এর কাছে পরাজিত হন তিনি।
গান ও রাজনীতির দুই অঙ্গনেই পরিচিত মুখ মমতাজ বেগমের জামিনের খবর ইতোমধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
