ফাহিমা হত্যা মামলায় চার্জশিট, অভিযুক্ত তিনজন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:৫১ এএম
সিলেটের আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় ঘটনার এক মাস পাঁচ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। চার্জশিটে প্রধান আসামি জাকির হোসেনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এবং তার দুই সহোদর জয়নাল আহমদ ও আবুল কালামকে লাশ গুমে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজরুল আলম শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
নিহত ফাহিমা আক্তার (৪) সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। প্রধান আসামি জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা এবং ভিকটিমের প্রতিবেশী ও সম্পর্কে চাচা।
মামলার তদন্তে জানা যায়, গত ৬ মে ফাহিমা নিখোঁজ হয়। দুই দিন পর ৮ মে তার মরদেহ স্থানীয় একটি ডোবার পাশ থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর ১১ মে রাতে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জাকির শিশুটিকে নিজের ঘরে ডেকে নেওয়া, ধর্ষণের চেষ্টা এবং পরে হত্যা করার কথা স্বীকার করেন। হত্যার পর মরদেহ প্রথমে ঘরের ভেতরে লুকিয়ে রাখা হয় এবং পরে গুমের উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়।
তদন্ত চলাকালে অভিযুক্তের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাদর ও একটি ব্রিফকেস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব আলামত পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে।
ঘটনাটি সিলেটজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও আন্দোলন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
চার্জশিট দাখিলের মাধ্যমে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
