হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১১:১৩ পিএম
হামের কারণে শিশু মৃত্যুর ঘটনায় অবহেলা ও টিকা যথাসময়ে আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-পাঁচ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় তা খারিজের আদেশ দেন।
মামলায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকেও আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, টিকা আমদানিতে অবহেলা ও সিদ্ধান্তগত ভুলের কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয় এবং বহু শিশুর মৃত্যু ঘটে। অভিযোগকারীর দাবি অনুযায়ী, দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে এটি হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে।
মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, দেশে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে হামের টিকা আমদানি করা হলেও পরে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। এতে টিকা সরবরাহে বিলম্ব ঘটে এবং সংকট তৈরি হয়।
অভিযোগে দাবি করা হয়, সংকটের ফলে নির্ধারিত সময়ে বিপুল সংখ্যক শিশু টিকা থেকে বঞ্চিত হয় এবং দেশে হামের বিস্তার ঘটে। এ সময় বহু শিশু হাসপাতালে ভর্তি হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, টিকা সংকট নিয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হলেও তা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
পরে আদালত মামলাটি গ্রহণ না করে খারিজের আদেশ দেন।
এনএফ৭১/একে
বিষয়:
